প্রকাশের তারিখঃ Dec 6, 2025 ইং
মুক্তির পরই প্রথম দিনেই ‘ধুরন্ধর’ আয় করল ২৯ কোটি
মুক্তির পরই প্রথম দিনেই ‘ধুরন্ধর’ আয় করল ২৯ কোটি। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ গতকাল (৫ ডিসেম্বর ) শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পরই বক্স অফিসে দারুণ দর্শকপ্রিয়তা শুরু করেছে স্পাই-অ্যাকশন থ্রিলার সিনেমাটি। ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করবে ‘ধুরন্ধর’।
রণবীর সিং–অভিনীত ২০২৫ সালের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রথম দিনেই ভারতজুড়ে ২৮.৬০ কোটি রুপি আয় করে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক–এর নির্মাতা আদিত্য ধর এবার রণবীরকে নিয়ে নির্মাণ করেছেন এক উত্তেজনাপূর্ণ থ্রিলার, যা মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
ছবিতে রণবীরকে দেখা গেছে, এক ভারতীয় গুপ্তচরের ভূমিকায়, যিনি পাকিস্তানের লিয়ারি শহরের ভেতরে ঢুকে অপারেশন চালান। সত্য-মিথের সীমানা মিলিয়ে ছবিতে উঠে এসেছে বাস্তব চরিত্রও—অক্ষয় খান্না অভিনয় করেছেন আলোচিত গ্যাংস্টার রেহমান ডাকাতের চরিত্রে আর সঞ্জয় দত্তকে দেখা গেছে এসপি চৌধুরী আসলামের ভূমিকায়।
এ ছবির মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছে সারা অর্জুনের। তাঁর বিপরীতে দেখা গেছে রণবীরকে। এ ছাড়া ছবিতে আছেন অর্জুন রামপাল, রাজেশ বেদিসহ অনেকে।
এদিকে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে স্বামী রণবীর কাপুরের সিনেমাটি দেখে রিভিউ দিয়েছেন দীপিকা পাড়ুকোন। শুক্রবার তিনি লিখেছেন, ধুরন্ধর দেখা হলো আর ৩ ঘণ্টা ৩৬ মিনিটের প্রতিটি মুহূর্তই সার্থক।
দীপিকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দর্শকদের উদ্দেশে আরও বলেন, তোমার জন্য ভীষণ গর্বিত রণবীর। সঙ্গে দিয়েছেন একটি চুমুর ইমোজি। একই সঙ্গে ছবির পুরো টিমকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
ছবিটি নিয়ে ইতোমধ্যেই প্রশংসার ঢেউ উঠেছে সংবাদমাধ্যমে। ইন্ডিয়া টুডে–র ভাষায়, এটি এক রাজনৈতিকভাবে তীক্ষ্ণ থ্রিলার, আর অক্ষয় খান্নার বিস্ফোরক অভিনয় পুরো ছবিটিকে আরও দৃঢ় করে তুলেছে।অন্যদিকে দ্য হিন্দু লিখেছে, রণবীর সিং ও অক্ষয় খান্নার উপস্থিতি এবং শক্তিশালী চরিত্রায়ণ ছবিটিকে করে তুলেছে আরও উপভোগ্য। বাস্তব চরিত্র ও রাজনৈতিক প্রেক্ষাপটকে চিত্রনাট্যে দক্ষভাবে মিশিয়ে নির্মাতারা যে গল্প তুলে ধরেছেন, তা দর্শকদের জন্য এক মনোরম বিনোদনের অভিজ্ঞতা তৈরি করেছে।
Copyright © 2026 All rights reserved.